মৌসুমী বিলকিস
কী বিশাল বাগান! এক ধার থেকে আর এক ধার হেঁটে যাওয়া যায় না।
নাম না-জানা মোটা মোটা বড় বড় গাছ আর ছায়া।
আমি মুর্শিদাবাদের। কেরলের এলাচ বাগানে কাজ করি। আমরা পাই সাড়ে ছ'শো। মেয়েরা সাড়ে
চারশো।
কেন?
মেয়েরা কি এলাচের ভারি ভারি বোঝা মাথায় নিতে পারে নাকি? তাই মায়নেও কম।
এলাচ গাছ হলুদ গাছের মতো। ওইরকম চ্যাপটা লম্বা পাতা। ঝোপ ঝোপ। এ্এট-কটা ঝোপে আট-দশটা গাছ। বড় গাছের ছায়ায়
লাগানো।
আমরা এলাচ গাছের গোড়ায় আগাছা হতে দিই না। পরিস্কার করি নিয়মিত।
গাছের গোড়ার দিকে ডাটি বেরোয়। এলাচ ধরে।
এলাচ গাছের গন্ধে ম-ম বাগান। এলাচ তুলতে তুলতে সারা শরীরে গন্ধ। মা বলে
আমি এলাচ হয়ে গেছি।
গন্ধ শুঁকতে শুঁকতে স্পষ্ট দেখতে পাই, মা গোস্ত রাঁধবে বলে মশলা
বাটছে। মার শরীর দুলছে তালে তালে।
এলাচ থেতো হচ্ছে শীল-নোড়ায়।
ইদের গোস্ত খেতে ফিরব মা। তোমার জন্য কিনব ইদের শাড়ি।
--------------------------------------------------------------------------
প্রকাশিত: রবিবাসর, আজকাল, ১৫ জুলাই, ২০১৮
