Total Pageviews

Thursday, 9 August 2012


তাহিতি দ্বীপের মেয়ে

মৌসুমী বিলকিস


নোনা জলে পা আর প্রবাল প্রাচীরে বসে আমি তেহামানা
প্রশান্ত জল ছলাৎছল মুছে দিচ্ছে সমস্ত কান্না
তোমার জাহাজ ঝাপসা হচ্ছে, ফেলে যাচ্ছে আমাদের রাত আর দিন
আমি জানি ‘নোয়া নোয়া’, পড়তে জানিনা তোমাদের সভ্যতার ভাষা
কানপাশা বুনো ফুল কোলের মধ্যে পড়ে বিবর্ণ হচ্ছে, তুমি জান
মনও কী বিবর্ণ হয়, তোমার?
আমাদের সবুজ হলুদ লাল নীলচে সময়
মনে কী পড়ে না গগ্যাঁ, পল গগ্যাঁ?

দোলন চেয়ারে বসে মন খুব খারাপ হয়েছে, চোখও ভিজে উঠল খানিক
যদিও বালিকা ভাবো, তবু জানি এ দ্বীপের সমস্ত
নিস্তব্ধ, নিঃসঙ্গতার আমিও অংশীদার
তুমি চলে গেলে
যাবে, আমি নিশ্চিত তখনই
ঈষৎ লাল ও গোলাপি গাউনে ছবিটার নাম দিলে ফাতুরুমা
হাতে এক ছোট্ট রুমাল, সাদা, ভিজে উঠছে হৃদয় আমার   
তারপর এঁকে দিলে ঠোঁট, চেটে নিলে চোখ নোনা
মনে কী পড়ে না
মনে কী পড়ে না?

মুগ্ধ হয়েছো এ দ্বীপের আম চেখে, দেখে দেখে প্রাগৈতিহাসিক আমগাছ
গড়ে তুলছো ভাহিনে নো টে ভি, রংটাও ধরিয়েছো চমৎকার
তারপর? মনে আছে সবটা তোমার?
কেটে গেল কিছুটা সময় আমাদের পাপেনোও ঝর্নার মতো
নেশাতুর, চুরচুর, নিজস্ব তাহিতি মদ যেন
গলে পড়ছি তুমি আর আমি, নতুন করে জেগে উঠছে
তাহিতি নুয়ি আর তাইয়ারাপু আগ্নেয় পাহাড়
মনে কী পড়ে তোমার
মনে কী পড়ে তোমার?

আলো ফুটে উঠলেই নোনা জলে স্নান
পরে নিই ফুলেল পারেউ, তুমি যেটা শেষ বার দিলে উপহার
তাজা বুনো ফুল তুলি, নগ্ন বুকের কাছে আঁকড়ে ধরে থাকি রোজ
তারপর একটা একটা করে সাজিয়ে দিই আতুয়া, রারোতঙ্গা, তাঙ্গারোয়ার কাছে
আমাকে, সব মানুষকে যারা তৈরি করেছে। বলি, ফিরিয়ে দে আমার ‘তানে’ কে, আমার নিজস্ব মানুষকে
নারকেল পাতারা কাঁপে, কেঁপে ওঠে আলো ও ছায়ারা
নিঃশব্দে ঝরে পড়ে অসংখ্য হলুদ আমপাতা
প্রবাল প্রাচীরে আছড়ে পড়ে কুঁচি কুঁচি রুপো
মনে কী পড়ে? আছে কী জানা
একাকী জাগে ফাতুরুমা তেহামানা






4 comments:

  1. নোয়া নোয়া- ইউজিন হেনরি পল গঁগ্যা (১৮৪৮-১৯০৩)-র আত্মজীবনী যেখানে তাহিতি দ্বীপে তাঁর বসবাস ধরা আছে।

    তাহিতি- প্রশান্ত মহাসাগরের দক্ষিণ কোণের একটি দ্বীপ পল গঁগ্যা যে দ্বীপে থেকেছেন আর অনেক ছবি এঁকেছেন। তাহিতি মেয়ে তেহামানা ছিলেন তাঁর মডেল,প্রেমিকা। একসময় তিনি এই দ্বীপ ছেড়ে যান, তেহামানাকেও।

    Faaturuma - নিঃসঙ্গ, বিশাদগ্রস্ত

    Vahine No Te Vi- আম হাতে মেয়ে

    পারেউ- তাহিতি দ্বীপের মেয়েদের বিশেষ ধরণের পোশাক

    আতুয়া, রারোতঙ্গা, তাঙ্গারোয়া- তাহিতি দ্বীপের দেবদেবী

    তানে- পুরুষ

    ReplyDelete
  2. Wow!osodharon kobita...amar students der translate Kore sunabo...

    ReplyDelete
    Replies
    1. বেশ। কবিতার অনুবাদ তো। সাবধানে কোরো, ভাই। ভালো থাক।

      Delete
  3. Wow!osodharon kobita...amar students der translate Kore sunabo...

    ReplyDelete