কবিতার জন্য
মৌসুমী বিলকিস
গত চব্বিশ ঘণ্টায় একটা কবিতাও
না
তীব্র আলোয় অন্ধ করে দেয়নি
কোন পংক্তি
সারাদিন হন্যে হয়ে কাজ খুঁজে খুঁজে
পকেটে পঞ্চাশ টাকা নিয়ে
ঘরে ফেরার পরও কানে ফোন
গুঁজে
আগামি কাজকর্মের খবর নিয়েছি
কবিতা কি প্রেমিকের মতো
আদর না পেলে অভিমান করে
স্পর্শ না পেলে পাথর ?
কিন্তু সোনা,
রুজি রোজগার বলেও একটা
ব্যাপার আছে
খালাসিটোলায় মুখ চুবিয়ে বসে
থাকলেই কি লেখা যায়
যদিও সেখানে আমার প্রবেশ নিষেধ
ভাবখানা এমন যে ‘তেরে বাপ
কী...’ মার্কা
দু চারটে শব্দগুচ্ছ ছুঁড়ে দিতে
পারি না হাওয়ায়
আজ থেকে কবিতার ঠোঁটে এক হাজার চুমু খাব রোজ
আজ থেকে সুদৃশ্য পংক্তিগুলোর তীব্র আলোয় অন্ধ হয়ে যাব
No comments:
Post a Comment