Total Pageviews

Tuesday, 14 August 2012


অনশন
মৌসুমী বিলকিস


ফিরে আসার কথা বলতে গেলে
বিনয় মজুমদারের চাকা হয়ে যাও তুমি
আস্তিনে গুটিয়ে রেখে আমার বিষাদ
দিব্যি গড়িয়ে যাও চেনা রাস্তায়
একটা নতুন পথ খুঁজে নেওয়া যেত না কি?
যেভাবে আন্দালুসিয়ান ডগ দেখে চম্‌কে
গেলো সিনেমার ইতিহাস
লেডি চ্যাটারলিজ লাভার উস্‌কে দিল উদ্দাম যৌনতা
যেভাবে ম্যাজিক রিয়ালিজম ছেড়ে
বেরিয়ে আসছে লাতিন আমেরিকা
সেনা বাহিনীর বিশেষ বল প্রয়োগ আইন, 
মানে আফস্পা অধ্যুষিত মণিপুর থেকে
মেরি কম যেভাবে তোমাদের নাক ঘষে  দিল
  
নিয়ম কানুন আর পরিবার প্রথা মেনে প্রকৃত শব্দ
আর প্রেম আর জঙ্গলের মহিমা সব কেন অস্বীকার কর  

ফিরে এসো, চল, আমার সঙ্গে, সবার সঙ্গে 

চল রাস্তায় হাঁটি
চল অরণ্যে শুই
চল ব্যারিকেড গড়ি
অহম কাঁদছে চল

তুমি না আসলে আজীবন অনশন
বলেছেন ইরম শর্মিলা চানু 

No comments:

Post a Comment