মায়ের বিষয়ে দুঃস্বপ্ন ১
মৌসুমী বিলকিস
যে কথা বলছিলাম,
একটা তপ্ত
বালিয়াড়ির ভিতর দিয়ে
আমার মা হেঁটে
যাচ্ছেন
দূর থেকে মনে
হচ্ছে আগুনের হল্কার
ভিতর দিয়েই
যাচ্ছেন তিনি
আগুনের উপরের যে
স্বচ্ছ আন্দোলন
স্পষ্টতই ছেয়ে
ফেলেছে সমস্ত বালিয়াড়ি
মা আমার বাঙালি
ঢঙে কাপড় পরে আলুথালু
খালি পা, রোদের
তাপ আর আলোর ঝল্কানিতে
ভালো করে তাকাতেও
পারছেন না
আমি জানি,
মা আমার খুঁজে
চলেছেন একটু নিবিড় ছায়া
কিন্তু কোথাও কোন
ছায়ার চিহ্নমাত্র নেই
মা চোখের ওপর হাত
রেখে আকুল হয়ে দেখছেন চারদিক
দূর দিয়ে বয়ে
যাচ্ছে একটা বালিঝড়
যা এক্ষুণি ছেয়ে
ফেলবে সমস্ত মরুভূমি
আমার মাকেও
মা উল্টোদিকে
দৌড়তে শুরু করলেন, আর
একটা বালির
পাহাড়ের নীচে এসে দাঁড়ালেন
বিদ্ধস্ত মুখ
তুললেন
চাবুক হাতে একটা
দু পেয়ে জানোয়ার
তার মুখের আদলে
পিতা ও পিতামহদের ছাঁচ
মা দৌড় লাগালেন
বালিঝড়ের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলতে
ঘামে ভেজা বিছানা
দু হাত ভরে উঠে
আসছে তপ্ত বালি
বাস্তবত সংসারের
আগুনে পুড়ে খাক্ হয়ে গেছেন মা
সুন্দরী মা আমার
No comments:
Post a Comment