স্বপ্ন ১
মৌসুমী বিলকিস
স্বপ্নগুলো পায়ের কাছে ছড়িয়ে দিলাম
তোমার পায়ের কাছে
কুড়িয়ে নাও যেটা
তোমার পছন্দ
তুমি স্বপ্নগুলোর
দিকে তাকালে
তোমার চোখে ছড়িয়ে
পড়েছে অদ্ভুত আলো
তুমি পাগলের মতো
স্বপ্নগুলোর শরীর স্পর্শ করলে
একটু ধাতস্থ হয়ে
একটা স্বপ্নবিন্দু তুলে নিলে চোখের তারায়
যেটায় ছিল একটা
আগাছার জঙ্গল আর অজস্র প্রজাপতিদের
বিশ্রামস্থল আর
আমার প্রোমাতামহীর প্রোমাতামহীর প্রোমাতামহী
আমার মতোই হুবহু,
তাঁর অবাধ্য চুল ছড়িয়ে মাটিতে চিৎ হয়ে শুয়ে ছিলেন
আর তাঁর সারা
শরীর জুড়ে বিশ্রাম নিচ্ছিল প্রজাপতিগুলো আর
হাওয়ায় কাঁপছিল
তাদের পাখা আর তুমি হাওয়ায় ভেসে ভেসে এলে
আর একটা একটা করে
প্রজাপতি সরিয়ে বুকের মধ্যে হাতড়ে হাতড়ে খুঁজে নিতে চায়ছিলে আমার হৃদয়ের ইতিহাস
স্বপ্নটা শেষ হল
এক ইকো পার্কে এসে প্রজাপতিগুলো কেমন ভয়ে ভয়ে উড়ছিল
তুমি আর আমি হাত
ধরাধরি করে ওদের দেখছিলাম আর আমার জিনস মোড়া উরুতে প্রজাপতিদের ছায়াও পড়ছিল না আর
আমার মধ্যে তোমার কিছুই খোঁজার ছিল না

No comments:
Post a Comment